লিখেছেন kaziparvezanwar » বৃহঃ ডিসেম্বর ১৭, ২০০৯ ১০:১৯ পূর্বাহ্ন
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ উপহার দেবেন। আসলে ডিজিটালাইজেশন কি, সেটা কখনোই মানুষকে পরিস্কার ভাবে বলা হয় নি। অল্প কথায় তা বলাও সম্ভব নয়। বরং, সেই সুযোগে ডিজিটাল শব্ধটির অপব্যবহারই বেশী হচ্ছে। একটু আগের পোস্টে মুক্তবিহঙ্গ এই কথাই বলেছেন যে, এটি সরকারকে কটাক্ষ করার একটি মাধ্যম হয়ে গেছে।
কাউকে লেসন দেয়া আমার উদ্দেশ্য নয়, বরং যেহেতু সমন্বয়ক আলোকিত এর কাছ থেকে গঠন মূলক আলোচনার ব্যাপারে উৎসাহ পেলাম, তাই আলোচনা শুরুর উদ্দেশ্যেই এই কথাগুলো লেখা। আর আমি বিশ্বাস করি এই লাইনে আমার চেয়ে জ্ঞানী অনেকেই আছেন। সুতরাং যদি আমার ভুল হয়, তাহলে তুচ্ছ তাচ্ছিল্য না করে সংশোধন করে দেবেন। এই উদ্দেশ্যে এই জাতীয় টপিকের অবতারণা করেছি।
ডিজিটাল সিস্টেম বলতে বুঝায় এমন একটি সিস্টেম, যেখানে সংশ্লিষ্ট রাশিগুলোর বিভিন্ন স্কেলের কোন মান থাকবে না, থাকবে শুধুমাত্র দুইটি মান : উপস্থিতি কিংবা অনুপস্থিতি। যেমন আমরা যখন জ্বর মাপি, তখন বলি ১০৪ ডিগ্রি সেলসিয়াস। এটি ১০৩ বা ১০১ ডিগ্রী হতে পারতো। সুতরাং এটি হচ্ছে এনালগ সিস্টেম। কিন্তু ডিজিটাল সিস্টেম অনুসারে আমি তা বলতে পারবো না, বলতে হবে জ্বর আছে, কিংবা জ্বর নাই। আছে এবং নাই, এর মাঝে আর কিছুই নাই, এর চেয়ে বেশী কিছু বলার সুযোগ নাই। এটাই ডিজিটাল সিস্টেম।
যেমন টেলিফোনে ডিজিটাল সিস্টেম আসার আগে একজনের কন্ঠকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো একটি অডিও সিগনাল যেমন, সেভাবেই। কিন্তু ডিজিটাল সিস্টেম তা করা হয় না। সেখানে অডিও সিগনালটিকে প্রসেসিং করা হয়। সংক্ষেপে বলতে গেলে প্রথমে অডিও সিগনালটির বিভিন্ন কম্পনেন্ট গুলোর মানগুলোকে বাইনারী সংখ্যায় পরিণত করা হয়। বাইনারী হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে ১ ও ০ ছাড়া আর কিছুই নাই। যেমন : ২ এর বাইনারী ১০, ৩৪ এর বাইনারী ১০০০১০। এবার এই বাইনারী সংখ্যাগুলোকে সিগনালের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। যেহেতু এখানে ১ ও ০ ছাড়া আর কিছুই নাই, সেজন্য সিগনালটিও পাঠানো হয় এই দুটি মানের মাধ্যমে। ১ হচ্ছে সিগনালের উপস্থিতি আর ০ হচ্ছে অনুপস্থিতি। যাই হোক, ডিজিটাল সিস্টেম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়ার জন্য খুব সহজে ও সংক্ষেপে বলে ফেললাম, আসলে সিস্টেমটিতে আরো অনেক জটিলতা আছে।
আজ এ পর্যন্ত, ভালো রেসপনস পেলে আলোচনা সামনের দিকে এগিয়ে নেবো। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।