সেই সময়গুলোতে ইন্টারনেটে থাকার জন্য সময় পাওয়া যেত প্রচুর। কারণ অবসর কাটানোর জন্য এটা ছাড়া অন্য কোন উপায়ও ছিল না। তাছাড়া ট্রাফিক জ্যাম বা যাতায়াত সংক্রান্ত কোনরূপ টেনশন বা সময় বা ক্লান্তিরও কোন বিষয় ছিল না (ভাইরাস বিহীন উবুন্টুর মত নিশ্চিন্ত) ...... তাই অনলাইনে প্রচুর পড়া এবং লেখা হত। মাথায় কোন বিষয় আসলে সেটা নির্বিঘ্নে লিখে ফেলা যেত ... এখনকার মত লেখার প্রসব মুহূর্তে লোড শেডিং-এ কম্পিউটার বন্ধ করতে হত না।
এই ফোরামটা খোলার পরিকল্পনাটা আরও একটু পুরানা। কাজ শুরু হয়েছিল বেশ আগে ... .... প্রজন্ম ফোরামের কয়েকটা আড্ডাতে এ বিষয়ে আলাপ হয়েছিল বলে জানতে পেরেছি। তারপর .. .. বেশ কিছু জটিলতা কাটিয়ে যখন একটা সিদ্ধান্তে পৌছানো গেল তখন শুরু হল উত্তেজনা .... মানচু'র ১১০ মে.বা. সাইটে টেস্ট সাইট আপলোড করে দেখা .... বেশ থ্রিলিং ব্যাপার ছিল ঐ সময়টায়।
যা হোক এই ফোরামগুলোর হাত ধরে দেশে ফোরাম সংক্রান্ত কাজ করার মত কিছু জনবল তৈরী হল এটা একটা দারুন ব্যাপার। সবচেয়ে দারুন লাগে যে, বিশ্বের যে কোন প্রান্ত থেকে নিজের ভাষায় প্রযুক্তির বিষয়গুলি নিজের মধ্যে আলোচনা করা যায়।
আমি আশা করি এরকম একটা প্লাটফর্মকে আমরা আরো কার্যকর করে ব্যবহার করতে পারবো। দেশের ভেতরে ও বাইরে থেকে উপকারী ও সময়োপযোগী প্রযুক্তিগুলোকে এখানে সংগ্রহ করে রাখবো .... এ থেকে দেশের যে কোন প্রান্তের লোক একসময় উপকৃত হবে।
বর্তমানে বাংলায় অনেকগুলো সাইট গড়ে উঠেছে। সেই সকল সাইটেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে চমৎকার সব আলোচনা হয়। এরকম সুন্দর আলোচনা দেখলে সেখানে অনুরোধ করতে পারি আমাদের প্রযুক্তি ফোরামে তাঁদের বিশ্লেষনগুলো সকলের সাথে শেয়ার করতে।
এই ফোরামটাকে আরেকটি বিষয়ে ব্যবহার করা যায়। দেশে বিদেশে বিভিন্ন সময়ে প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সভা সিম্পোজিয়াম হয়। সেগুলো ইংরেজিতে হয় বলে দেশের বড় একটা আগ্রহী অংশ সেখান থেকে জ্ঞান আহরণে ব্যর্থ হয়। আমরা সেই বিষয়গুলো নিয়ে পরষ্পরের জ্ঞানগুলোকে সকলের সাথে আলোচনা/ বিশ্লেষণ করতে পারি। পাশাপাশি ঐ সিম্পোজিয়ামগুলো থেকে প্রাপ্ত উপসংহার ও প্রযুক্তিগুলি কিভাবে দেশের পরিপ্রেক্ষিতে সকলের জন্য উপকারে লাগানো যায় সে বিষয়েও ব্যাখ্যা/বিশ্লেষন/আলোচনা করতে পারি। ভাল বিষয়গুলো ইংরেজি থেকে ভাবানুবাদ করেও রাখতে পারি।
কে জানে, কোনো এক সময় হয়তো আমরাও অনলাইনে শুরু হওয়া আলোচনা আরও বিস্তৃত করার জন্য বিষয়ভিত্তিক সিম্পোজিয়ামের আয়োজন করতে সক্ষম হব। আমারতো মনে হয়, বর্তমানে উবুন্টু নিয়ে যতগুলো পোস্ট আছে সেগুলো দিয়েই একটা ছোটখাট প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা যায় ....
এছাড়া প্রযুক্তি বিষয়ে যারা লেখাপড়া করেন তাঁরা তাদের শেখা বিষয়গুলো ধারাবাহিক ভাবে বাংলায় গুছিয়ে লিখে রাখতে পারেন। এতে এটা যেমন তাঁদের নিজের শেখাকে আরও পরিপূর্ণ করবে তেমনি ভবিষ্যতে যাঁরা শিখবে তাঁদের জন্য একটা ভাণ্ডার হিসেবে কাজ করবে। হোকনা সেটা খটমটে কোন বিষয় ....
এই দিনটা জন্মদিন হিসেবে আমাকে মনে রাখতেই হয়। কারণ এটা আমার অর্ধাঙ্গিনীরও জন্মদিন - যেটাতে প্রজন্ম ফোরামও একটা ভাগ বসিয়েছে






