আজকে সুযোগ যখন পাওয়াই গেল তবে একটু গপ্পো করি।
আমি যখন আপ্র-তে যোগ দেই যখন আপ্র বয়স ছয় দিন। ছোটখাট একটা বিরতি নিয়ে আমি আবার অনলাইনে ফিরেছি সবে। মেসেঞ্জারে ঢুকতেই মানচু তেড়ে এল, "কি, এতদিন ছিলে কোথায়?" বরাবরের মতই অনলাইন থেকে যখন শীত ঘুমে যাই, ফিরে আসার পর এইরকম প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না। কারণটা সহজ। আসলে আমি যাইনি কোথাও। এখানেই ছিলাম, তবে একটু ডুব মেরে। ওইদিন মেসেঞ্জারে মানচু-র দ্বিতীয় কথা ছিল, "ফোরাম তো খুললাম একটা। পারলে জয়েন কোরো।" মানচু-র ফোরামে আমি জয়েন করব না এটা কেমন কথা? আবার "পারলে জয়েন কোরো", দেখ কথার ছিরি! ঢং যত্তসব!! তারপর আর কি? সুড়ুৎ করে ঢুকে পড়লাম ফোরামে। সেই থেকেই আছি।
তারপর কিভাবে কিভাবে জানি একদিন মডারেটর হয়ে গেলাম। কিন্তু এইমাত্র মনে পড়ল সেটা কবে হয়েছি সেটা মনে রাখিনি। আসলে মনে রাখার কোন কারণও ছিল না। বাংলা ভাষার জন্য কিছু করার চেষ্টা করছি এটাই আমার জন্য ঢের ছিল। সেই আনন্দের কাছে সমন্বয়ক নামের পদটা আলুনি। ভালবাসা তার সাথে দায়িত্ব নিয়ে আসে। সেই দায়িত্ব পালনটাও ভালবাসারই একটা অংশ।
আপ্র-র বর্ষপূর্তি আমার কাছে আসলে আপ্র-র মত একটা ফোরামের সাথে থাকতে পারার সৌভাগ্যের বর্ষপূর্তি। আমার সৌভাগ্যর বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা।
